উই ট্রাস্টের বিশ্বজয়ে সময় লাগবে না : সংস্কৃতি প্রতিমন্ত্রী
নারী উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্ম উই ট্রাস্ট পিছিয়ে পড়া নারীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগী ও উদ্যমী ভূমিকা পালন করছে। তাদের উদ্যোম অব্যাহত থাকলে অচিরেই বিশ্ব জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেছেন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। ২০১৭ সালে যাত্রা শুরু করা এ সংগঠনের সদস্য সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়েছে। এই ধারা অব্যাহত থেকে ৬-৮ গুণ হয়, তাহলে সেটা কী হবে একবার ভেবে দেখুন। এই ধারা অব্যাহত থাকলে তখন উই-কে বিশ্ব দরবারে পৌঁছাতে সময় লাগবে না।
শুক্রবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর নবরাত্রি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ এর সহযোগিতায় উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত দুই দিনব্যাপী (৬-৭ অক্টোবর) '৪র্থ উই সামিট ২০২৩'- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ বলেন, দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়তে দেশে বেশিসংখ্যক উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। তাই উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে 'উই' উৎসাহ ও উদ্দীপনা প্রদানের মধ্য দিয়ে আমাদের নারী সমাজকে জাগ্রত করেছে। রক্ষণশীলতা ও মৌলবাদকে রুখে দিয়ে নারীদের সমাজে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছে।
ভিডিও বার্তায় বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নারীদের আত্মকর্মসংস্থান ও আত্মমর্যাদা সৃষ্টিতে ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর ই-কমার্সেরই একটি বৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে 'উই'।
তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে ই-কমার্স ছিলো আমাদের অর্থনীতির লাইফলাইন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, 'শী পাওয়ার' প্রজেক্টের মাধ্যমে ২১টি জেলায় ১০ হাজার ৫০০ জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে। বাকি ৪৩টি জেলায় 'হার পাওয়ার' প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আরও ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ এর নিয়ন্ত্রক (যুগ্মসচিব) এ টি এম জিয়াউল ইসলাম। শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্বব্যাংক এর অপারেশন ম্যানেজার গেইল মার্টিন, দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা ও উই'র উপদেষ্টা কবির সাকিব। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপস্থাপিকা শান্তা জাহান।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত 'মুজিব আমার প্রেরণা' শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তাছাড়া উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর কার্যক্রম এবং 'ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ' বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আয়োজত সূত্রে প্রকাশ, উদ্বোধনের পর শুরু হয় একটি কি-নোট প্রেজেন্টেশনসহ প্যানেল সেশন। প্রথম দিনে রয়েছে ছয়টি প্যানেল আলোচনাসহ কর্মশালা ও ইনফ্লুয়েন্সার স্পিচ। এসব সেশনে বিশেষ আলোচক হিসেবে দেশ-বিদেশের অসংখ্য বক্তা ও বিভিন্ন খাতের স্বনামধন্য ব্যক্তিরা অংশ নেবেন। পাশাপাশি থাকছে ই-কমার্স খাতের এবং খাত সংশ্লিষ্ট অভিজ্ঞদের সঙ্গে নতুনদের নেটওয়ার্কিং সেশনও। থাকবে র্যাফেল ড্র।
দ্বিতীয় দিনে থাকছে দুটি কর্মশালা, একটি সেমিনার। এছাড়া অন্যতম আকর্ষণ হিসেবে এবার দেশের বিভিন্ন খাতে অবদান রাখা ১০ জন নারীকে জয়ী সম্মাননা দেওয়া হচ্ছে। পাশাপাশি উইয়ের সদস্যদের মধ্য থেকে ১০ নারী উদ্যোক্তাকে জয়ী পুরস্কার দেওয়া হচ্ছে। সারা দেশ থেকে যেসব নারীরা ই-কমার্সের মাধ্যমে তাদের পণ্য দেশ ও বিশ্ববাজারে তুলে ধরতে অসামান্য অবদান রাখছেন তাদের এই বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে। সামিটের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ডিএমপি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসির এডিসি নাজমুল ইসলাম, আইসিটি অধিদপ্তরের ডিজি মোস্তাফা কামাল, ডন সামদানী ফ্যাসিলিটিশন কনসালটেশনের গোলাম সামদানী ডন, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, দারাজের সিওও খন্দকার তাসফিন আলম, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনোমিক অফিসার জেমস গার্ডিনার, ডা. সুষমা রেজা, রাজশাহীর বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর, এটুআইয়ের পলিসি অ্যাডভাইসার আনীর চৌধুরী, পুচি ফ্যামিলির ওনার তাপসি দাস, ডান অ্যান্ড ব্র্যান্ডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্সের সিইও জারা মাহবুব, এসআর ভেঞ্চার অ্যান্ড কনসালটেন্সির সিইও সায়মা রহমান, ডেইলি স্টারের প্রধান বিজনেস কর্মকর্তা তাজদিন হাসান, লেখক ও পরিচালক সাদাত হোসাইনসহ আরও অনেকেই দুই দিনের এই সামিটে আলোচক হিসেবে অংশ নেবেন।
এছাড়া এজেআই গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড এমডি অনন্ত জলিল, চলচ্চিত্র অভিনেত্রী আফিয়া নূসরাত বর্ষা, আফসানা মিমি, আফসানা আরা বিন্দু, জাকিয়া বারি মম, রুনা খান, মাসুমা রহমান নাবিলা প্রমুখ এর অংশগ্রহণ এবারের আয়োজনকে ভিন্ন মাত্রা দেবে।
উই সভাপতি নাসিমা আক্তার নিশা জানান, দুই দিনের সামিট শেষ হবে শনিবার রাতে উই উদ্যোক্তাদের ফ্যাশন শো-এর মাধ্যমে।
এবারের আয়োজনে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে দারাজ ও ফ্রেশ অনন্যা স্যানিটরি ন্যাপকিন। এছাড়া পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ, ব্যাংকিং পার্টনার হিসেবে প্রাইম ব্যাংক, ইন্স্যুরেন্স পার্টনার হিসেবে গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স, নিউট্রিশন পার্টনার হিসেবে থাকছে শক্তি। তাছাড়ও পার্টনার হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, রানার মোটরসাইকেল, ই-ক্যাব, ফ্লোরা টেলিকম, জিরোক্যাল এবং লাইভ ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে ঢাকা লাইভ।





